আশাশুনিকে ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৪ মাস আগে
আশাশুনিকে ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, জনগণের রায় পেয়ে সংসদে নির্বাচিত হতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “উপকূলীয় এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।”

কাজী আলাউদ্দিন আরও বলেন, “জাতীয়তাবাদী বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই এ দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।”

তিনি আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি মসজিদ-মন্দির আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

তোলার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির নেতা ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণের উপকূলীয় এ অবহেলিত অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে জাতীয়তাবাদী আদর্শের সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।