উপসচিবের সঙ্গে অসদাচরণ: ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই স্বাস্থ্য কর্মকর্তা বদলি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে পদে অসদাচরণের অভিযোগে বদলি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে তাদের বদলির নির্দেশ দেয়া হয়েছে। ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে এবং ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির সঙ্গে ফোনে অশোভন আচরণ করেছেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠিয়েছেন। এর আগে, গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
জানা গেছে, কয়েক মাস আগে উপসচিব শাহাদত হোসেন কবির শায়েস্তাগঞ্জ উপজেলা কর্মকর্তা ডা. অদিতি রায়কে ফোন করেন। ফোনে তিনি বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের বিষয়ে কথা বলতে চান। তবে ডা. অদিতি কল রিসিভ না করায় উপসচিব মেসেজের মাধ্যমে কলব্যাক করার অনুরোধ করেন। কিন্তু তিনি কলব্যাক করেননি।
পরে স্ত্রীকে পাঠানো ওই মেসেজ দেখে উপসচিবকে ফোন করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কর্মকর্তা ডা. কিশলয় সাহা। এ সময় তিনি উপসচিবের সঙ্গে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠান।
এ ঘটনায় দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালার অসদাচরণের অভিযোগে নোটিশ দেওয়া হয়। ডা. কিশলয় সাহা ফোনে তাদের বদলির বিষয়টি স্বীকার করেছেন, তবে অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।