কৃষি ছাড়া উত্তর দেব না’—ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
কৃষি ছাড়া উত্তর দেব না’—ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর পর বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনা নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাতের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে এ ঘটনা ঘটে। ব্রিফিং শেষ হলে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের কাছে প্রশ্ন আছে কি না জানতে চান। এ সময় এক সাংবাদিক যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

জবাবে উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “না, আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।” তখন আরেক সাংবাদিক বলেন, “আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।” এ কথার উত্তরে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “স্বরাষ্ট্রের সময় আমি আলাদা করে ডাকব।”

সাংবাদিকরা দায়বদ্ধতার কথা তুললে উপদেষ্টা বলেন, “না, আমি দায়বদ্ধ নই। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া কিছু বলব না। আপনারা কৃষির বিষয়ে প্রশ্ন করেন। কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না—এইগুলোই আসল সমস্যা।”

এক পর্যায়ে তিনি বলেন, “ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভেতরে হোক, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে আমরা।” এরপর আবারও যশোরের ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা।

উল্লেখ্য, স্ত্রী ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কারাবন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে উপদেষ্টার এমন অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।