গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

লেখক: জিহাদুল ইসলাম (জিহাদ)
প্রকাশ: ১ সপ্তাহ আগে
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার : ‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরিমল সরকার। ‎শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

‎পরে ঘটনাটি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।

‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ‎উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।