
চট্টগ্রামে জনসভায় অংশ নেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম নগরী ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এ সময় তরুণদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও প্রত্যাশার কথা শোনা হচ্ছে। এর আগে সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর পূর্বেও তরুণদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান।
মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সকাল সাড়ে ১১টায় জনসভায় যোগ দেবেন। এরপর পর্যায়ক্রমে বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
