জনপ্রিয় অভিনেতা মো. দেলোয়ার উদ্দিন এখন পথিকটিভির প্রোগ্রাম প্রডিউসার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
পথিকটিভির প্রোগ্রাম প্রডিউসার

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মো. দেলোয়ার উদ্দিন নতুনভাবে যুক্ত হয়েছেন দেশের অন্যতম আইপি টিভি চ্যানেল ও সাংবাদিক কমিউনিটি প্লাটফর্ম পথিকটিভি-তে। এবার তিনি এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

দীর্ঘ অভিনয়জীবনে মো. দেলোয়ার উদ্দিন শতাধিক নাটক, বিজ্ঞাপন ও একাধিক সিনেমায় তার দক্ষ অভিনয় দিয়ে দর্শকমনে আলাদা স্থান করে নিয়েছেন। তার অভিনয়ে যেমন থাকে আবেগের পরিশীলিত প্রকাশ, তেমনি থাকে বাস্তবতার নিখুঁত প্রতিফলন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা ও নির্মাণেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেছেন তিনি। এসব ক্ষেত্রেও তার সৃজনশীলতা ও অভিজ্ঞতার ছাপ প্রশংসিত হচ্ছে শিল্পী মহলে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উত্তর কুট্রাপাড়া গ্রামের সন্তান মো. দেলোয়ার উদ্দিন। তার পিতা মরহুম তাজুল ইসলাম ও মাতা কাজি সেলিনা বেগম। ব্যক্তি জীবনে তিনি সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। মিডিয়া অঙ্গনে তিনি একজন শ্রদ্ধেয় ও প্রিয় মুখ—যার ব্যবহারিক আন্তরিকতা অনেক তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

মো. দেলোয়ার উদ্দিনের পথিকটিভিতে যুক্ত হওয়াকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার সৃজনশীল নেতৃত্বে কনটেন্ট ও প্রোগ্রামিংয়ে নতুনমাত্রা যোগ হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন পথিকটিভির কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “দেলোয়ার উদ্দিনের মতো একজন অভিজ্ঞ ও প্রতিভাবান মিডিয়া ব্যক্তিত্বকে টিমে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার দিকনির্দেশনায় আমাদের প্রোগ্রামগুলো আরও বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ হবে।”

পথিকটিভিতে নিজের নতুন দায়িত্ব নিয়ে দেলোয়ার উদ্দিন বলেন— “আমি সব সময় এমন একটি প্লাটফর্ম খুঁজছিলাম যেখানে নতুন ভাবনা ও নির্মাণের স্বাধীনতা থাকবে। পথিকটিভির সঙ্গে যুক্ত হয়ে আমি সেই জায়গাটা পেয়েছি। আমার লক্ষ্য হচ্ছে—সামাজিক সচেতনতা, মানবিকতা ও সংস্কৃতির জায়গা থেকে এমন কিছু অনুষ্ঠান নির্মাণ করা, যা মানুষের হৃদয়ে আলোড়ন তুলবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। বিশেষ করে তরুণদের জন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরির দিকে আমি বেশি গুরুত্ব দিতে চাই।”

তিনি আরও বলেন, “দেশজ সংস্কৃতি, লোকজ গল্প এবং আধুনিক সময়ের বাস্তবতা—এই তিনটি দিককে কেন্দ্র করেই আমি পথিকটিভির জন্য কাজ করতে চাই। দর্শক যেন পর্দার সামনে বসে বাস্তবতাকে অনুভব করতে পারেন, এটাই আমার নির্মাণের উদ্দেশ্য।”

উল্লেখ্য, পথিকটিভি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও গণমাধ্যম সংবাদের প্লাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। বাস্তবধর্মী অনুষ্ঠানমালা ও নাগরিক সাংবাদিকতার মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে।