জুলাই অভ্যুত্থানে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
 জুলাই অভ্যুত্থানে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এবং গুলির প্রায় ৩০ শতাংশ এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এসব অস্ত্র ও গুলি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল, তার একটি বড় অংশ এখনও উদ্ধার হয়নি। হারিয়ে যাওয়া এসব অস্ত্র-গুলি দ্রুত উদ্ধার করা জরুরি। এগুলো উদ্ধার করতে পারলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী যেন অপকর্ম করে পার পেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কোনো অবস্থাতেই পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের আওতায় থেকেই রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।

  • ইসি সানাউল্লাহ