
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর আরব-আমেরিকান সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে সতর্ক আশাবাদ। তারা চুক্তিটিকে স্বাগত জানালেও উদ্বেগ প্রকাশ করেছেন যে, ইসরায়েল হয়তো এই চুক্তি ভঙ্গ করতে পারে।
মিশিগানের ডিয়ারবর্ন শহরের আরব-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত সামরাআ লুকমান বলেন, “এটা প্রায় যেন ‘আমি তো বলেছিলাম’-এর মুহূর্ত।” আজীবন ডেমোক্র্যাট হিসেবে পরিচিত লুকমান ২০২৪ সালে ট্রাম্পের পক্ষ নিয়ে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। তার আশা ছিল, ট্রাম্পই গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হবেন।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর তিনি রায়টার্সকে বলেন, “অন্য কোনো প্রেসিডেন্ট নিতানিয়াহুকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে পারতেন না।” ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “মাসের পর মাস আমাকে সহ্য করতে হয়েছে প্রতিবেশীদের সমালোচনা, কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্প সত্যিই কিছু করতে পেরেছেন।”
ডিয়ারবর্নের আরেক আরব-আমেরিকান রাজনৈতিক পরামর্শক মাইক হাচামও ট্রাম্পের প্রচারণায় সক্রিয় ছিলেন। তিনি বলেন, “আমরা সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছি। যার প্রাপ্য, তাকে কৃতিত্ব দিতেই হবে… কিন্তু এটা কোনো শান্তিচুক্তি নয়। এটা কেবল এক রক্তাক্ত যুদ্ধের সমাপ্তি, আর ইসরায়েলি ও ফিলিস্তিনি দুই পক্ষেই যে প্রাণগুলো হারিয়েছে, সেগুলো আর ফিরে আসবে না।”
যদিও ট্রাম্পের প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় যুক্তরাষ্ট্রে কিছু আরব-আমেরিকানের মধ্যে সন্তুষ্টি দেখা দিয়েছে, তবুও তাদের আশঙ্কা—চুক্তিটি টেকসই না হলে আবারও সহিংসতা ফিরে আসতে পারে।
সূত্র: রায়টার্স
