ঢাকায় রাজনৈতিভাবে নিপীড়িত জুবায়ের সিকদার

লেখক: লুৎফর সিকদার, গোপালগঞ্জ
প্রকাশ: ৬ মাস আগে

গোপালগঞ্জের পরিচয়ই আজ অভিশাপ: ঢাকায় রাজনৈতিভাবে নিপীড়িত জুবায়ের সিকদার.

গোপালগঞ্জ সদর উপজেলার জনতা রোড এলাকার বাসিন্দা, মরহুম আঃ মান্নান সিকদারের বড় ছেলে জুবায়ের সিকদার বর্তমানে রাজধানীর খিলক্ষেত থানাধীন লেক সিটি এলাকায় পরিবারসহ বসবাস করছেন। মূলত একজন ব্যবসায়ী হিসেবে জীবিকা নির্বাহ করেন তিনি। স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে তার ছোট্ট একটি সুখের সংসার।

তবে সম্প্রতি রাজনৈতিক পরিচয়ের কারণে রাজধানীতেও তাকে পড়তে হয়েছে মারাত্মক বিপদের মুখে। আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে জুবায়ের সিকদারের জন্মস্থান গোপালগঞ্জ হওয়ায় বিরোধী রাজনৈতিক দলের লোকজনের টার্গেটে পরিণত হয়েছেন তিনি। তার দাবি, শুধুমাত্র আওয়ামী লীগ করা ও গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় তাকে নানাভাবে হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

জুবায়ের জানান, “ঢাকায় ব্যবসা করেও শান্তিতে থাকতে পারছি না। বিভিন্ন সময় অজ্ঞাত নাম্বার থেকে হুমকি দেওয়া হয়। রাজনৈতিক পরিচয় সামনে এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টাও চলছে। এমনকি গোপালগঞ্জে গেলে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়।”

তিনি আরও বলেন, “আমার অপরাধ শুধু একটাই—আমি আওয়ামী লীগ করি এবং গোপালগঞ্জ আমার জন্মস্থান। এখন সেই পরিচয়ই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, জুবায়ের সিকদার গোপালগঞ্জের একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়ায় তাকে টার্গেট করে এক শ্রেণির রাজনৈতিক প্রতিপক্ষ বারবার উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এমনকি মিথ্যা মামলা, সামাজিকভাবে হেয় করা এবং পরিবারকে ভয় দেখানোর ঘটনাও ঘটছে।

জুবায়েরের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের দাবি, সরকার ও প্রশাসনের উচিত একজন নিরীহ রাজনৈতিক কর্মী হিসেবে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।