দীর্ঘ ১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান, রংপুর সফরের প্রস্তুতি বিএনপিতে উৎসবের আমেজ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান, রংপুর সফরের প্রস্তুতি বিএনপিতে উৎসবের আমেজ

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি বগুড়ায় পৌঁছাবেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। তার আগমনকে ঘিরে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, ১১ জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছে তারেক রহমান একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে গিয়ে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর নেতার আগমন উপলক্ষে গণসংবর্ধনাসহ নানা কর্মসূচির চিন্তাভাবনা করা হলেও তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় এসব কর্মসূচি থেকে বিরত থাকা হয়েছে।

এদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে নেতাকর্মীরা তাকে উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানিয়েছেন, যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া