
স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। আজ সোমবার দিনভর লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাজিদুল ইসলাম।
গণসংযোগ ও পথসভা সকাল থেকেই বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে তিনি কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি বাজার, কুমারভোগ প্রোজেক্ট ১ ও ২ এবং মজিদ খান চেয়ারম্যান বাড়ি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার মুরব্বিদের কাছে দোয়া চান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সেবা করার সুযোগ পেতে আসন্ন ১২ তারিখের নির্বাচনে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিন।
জোটের লক্ষ্য ও রাজনৈতিক বার্তা পথসভায় মাজিদুল ইসলাম বলেন, “আপনারা যদি এদেশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি ইনসাফ কায়েম সমাজ হিসেবে দেখতে চান এবং জুলাই গণহত্যার বিচার চান, তবে ১১ দলীয় জোটকে জয়যুক্ত করুন। শাপলা কলি মার্কায় ভোট দেওয়া মানেই জোটের তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করা এবং প্রকারান্তরে দাঁড়িপাল্লার আদর্শকে বেগবান করা।”
উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উন্নয়নের গতানুগতিক ধারার সমালোচনা করে বলেন: “রাস্তাঘাট ও সামাজিক পরিষেবা সরকারের রুটিন কাজ। কিন্তু বড় সমস্যা হলো দুর্নীতি। আমি যদি নির্বাচিত হই, তবে আমার প্রথম লক্ষ্য হবে সরকারি দুর্নীতি বন্ধ করা। দুর্নীতি বন্ধ হলে একবার রাস্তা বানালে তা বছরের পর বছর টিকবে, বছর বছর মেরামতের নামে জনগণের টাকার অপচয় হবে না। সেই বেঁচে যাওয়া টাকা আমরা অন্যান্য মৌলিক উন্নয়নে ব্যয় করতে পারব।”
ভবিষ্যৎ নির্বাচনী প্রতিশ্রুতি মাজিদুল ইসলাম মুন্সিগঞ্জ-২ আসনের জনগণের জন্য দুটি বড় প্রতিশ্রুতি প্রদান করেন:
1. লৌহজং-টঙ্গীবাড়ি এলাকায় একটি আধুনিক মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ।
2. পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী নদী শাসন এবং নদীর পাড় দিয়ে একটি অত্যাধুনিক হাইওয়ে নির্মাণ।
উপস্থিত নেতৃবৃন্দ গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন লৌহজংয়ের মুখ্য নির্বাচনী সমন্বয়ক হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারভোগ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহিদ শিকদার, মেদিনী মন্ডল ইউনিয়ন সেক্রেটারি মোঃ নুরুল্লাহ ও হলদিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নূর মোস্তফা।
এছাড়াও জোটে শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুর আমিন ও মোহাম্মদ হুজাইফা এবং এনসিপি নেতা মোঃ হাসান, অমিত, মোঃ নূর নবী, মোঃ রিয়াদ, মোঃ জুবায়ের, মোঃ সাইফুল ও মোঃ ফাহিমসহ হলদিয়া, কুমারভোগ ও মেদিনীমন্ডল ইউনিয়নের শতশত নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
