নরসিংদীতে সরকারি সারসহ ছিনতাই কার্গো ব্রাহ্মণবাড়িয়াতে জব্দ

লেখক: মোঃমনির হোসেন
প্রকাশ: ৩ মাস আগে

নরসিংদীর রায়পুরা থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেটের (বিএডিসি) ডেপ সারসহ কার্গো ছিনতাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগাঁও বাজার থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কার্গোটি জব্দ করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ।

সংশ্লিষ্টরা জানায়, সরকারি ৬ হাজার ৩৪০ বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশে যাওয়ার পথে নরসিংদী রায়পুরা এলাকায় ছয় নাবিককে বেঁধে নদীর পাড়ে ফেলে রেখে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সার বিভিন্ন ডিলারদের কাছে বিক্রি করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মালবোঝাই জাহাজটিকে জব্দ করে।

ইতোমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়। বাকিগুলো এখনো হদিস পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ১০ অক্টোবর থেকে কার্গোটিকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে (সানাউল্লাহ) সার আনলোড করতে দেখেছি পরে বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে।

এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি। ১১ অক্টোবর সন্ধ্যায় একদল নৌ পুলিশ আসে তদন্ত করে কার্গোটি জব্দ করে।এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বলেন, বিষয়টি আমার কানে এসেছে।

জব্দকৃত সার বিএডিসি মুন্সিগঞ্জ গোডাউন থেকে সুনামগঞ্জ বিএডিসি গোডাউনে যাওয়ার পথে ৬ হাজার ৩৪০ বস্তা সার নরসিংদী রায়পুরায় ডাকাতের কবলে পরে।

ডাকাত দল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার বিক্রি করে এর মধ্যে নবীনগর নোয়াগাঁও বাজারে আসলে সেটি ধরা পড়ে।