নাসিরনগরে এসএসসিতে পাসের হার
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ বছর পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯.০৯ শতাংশে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮১৫ জন। গত বছর এ হার ছিল ৫৫.৮৮ শতাংশ।
উপজেলায় এবার জিপিএ-৫ অর্জন করেছে ৪১ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় এক কম (২০২৪ সালে ছিল ৪২ জন)। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ফল সবচেয়ে ভালো—এ প্রতিষ্ঠান থেকে ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ জন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় ৭ জন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় ৩ জন হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় ১ জন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় ১ জন বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ ১ জন পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ১ জন
এদিকে উপজেলার দাখিল পরীক্ষায় পাসের হার ৭৭ শতাংশ। ৬টি মাদরাসা থেকে ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১১ জন। এর মধ্যে মিরানিয়া কচুয়া দাখিল মাদরাসা থেকে ৪ জন এবং দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদরাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৩.৩৩ শতাংশ। সেখানে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হয়েছে।