নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা মহিলা দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদরের বিভিন্ন সড়কে পথচারী, দোকানদার ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কে এম বশির উদ্দিন তুহিন।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই একমাত্র পথ। জনগণের কাছে বিএনপির অবস্থান তুলে ধরতেই এই প্রচারণা চালানো হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গুলবাহার মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রিয়তোষ আশ্চর্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম, সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির খান, হেসাইন, শামীম মিয়া এবং সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি কে এম বশির উদ্দিন তুহিন বলেন, নাসিরনগরের মানুষ আমাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবো।