নাসিরনগরে শতবর্ষী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি: তালা ভেঙে ৫ কক্ষ লুট, বিগ্রহ ও দানবাক্সের টাকা উধাও

লেখক: ইয়াছিন চৌধুরী,
প্রকাশ: ৩ মাস আগে
নাসিরনগরে শতবর্ষী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি: তালা ভেঙে ৫ কক্ষ লুট, বিগ্রহ ও দানবাক্সের টাকা উধাও

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় অবস্থিত ইস্কন পরিচালিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মন্দিরের কলাপসিবল গেট ও ভেতরের একাধিক কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা চুরি সংঘটিত করে।মন্দির সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেবায়েত অধ্যক্ষ সুকদা বলরাম দাস প্রতিদিনের ন্যায় মন্দিরে সেবা দিতে গিয়ে ভেতরের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। তিনি দেখতে পান, মন্দিরের ভেতরের বিভিন্ন সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে এবং একাধিক কক্ষের তালা ভাঙা। পরে বিষয়টি মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের জানানো হলে সবাই ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।

চোরেরা মন্দিরের দানবাক্সে থাকা নগদ অর্থ ছাড়াও পূজায় ব্যবহৃত পিতলের আসন, কাসা ও পিতলের ঘটিসহ রাধামাধব বিগ্রহের ২ সেট, গৌর-নিতাই ২ সেট, গোপাল বিগ্রহ ২টি, বাঁশি, কাসা গ্লাস ও অন্যান্য মূল্যবান পূজার সামগ্রী লুট করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুকদা বলরাম দাস বলেন, ভোরে উঠে মন্দিরে গিয়ে দেখি সবকিছু তছনছ করা। পরে খোঁজ নিয়ে বুঝতে পারি, একে একে পাঁচটি কক্ষে চুরি হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় জানান, শত বছরের পুরনো এই মন্দিরে এর আগে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে আড়াইটার মধ্যে চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় টা বলেন আমরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
চুরির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কৃষ্ণলাল ঘোষ বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর থেকে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।