নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর হুঁশিয়ারি, স্বস্তির ঈদযাত্রার আশ্বাস
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শনকালে তিনি স্পষ্টভাবে জানান, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সতর্ক করেন, কোনো ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের যোগাযোগ ও পরিবেশগত উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। শীতলক্ষ্যা নদী দূষণরোধে কার্যকর পদক্ষেপ এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত চালুর আশ্বাস দেন তিনি। এছাড়া নির্ধারিত সময়ে পণ্য খালাস না করায় একটি লাইটার জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারের এই কঠোর অবস্থান নৌপথে ঈদযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করা হয়।
