মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা ঈদগাঁহ বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫ইং) বিকাল ৫টায় ডিঙ্গাভাঙ্গা তাওহীদি জনতা ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা জসিম উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল আজম।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক ইলিয়াস খান। তিনি বলেন—
“এখানে আর শুধু প্রতিবাদ নয়, এখন সময় প্রতিরোধের। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ হবেই।”
এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবক শরিফুল্লা পাটোয়ারী, মাওলানা জহির মনোয়ার, বোরহান বকাউল, মোহাম্মদ সোহাগ, শাহাদাত হোসাইন ও মাইনুদ্দিন মৌলভীসহ এলাকার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক অভিশাপ। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ বিনির্মাণে মাদকবিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কুখ্যাত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।