মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই, বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই, বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ। ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় আজকের ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। যে দল জয় পাবে, তারাই সিরিজের ট্রফি নিজেদের করে নেবে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং আকাশ বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে প্রায় ৫২ শতাংশ। যদিও ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, মাত্র ১৪ শতাংশ। ফলে নির্ধারিত সময়েই খেলা শুরু হওয়ার ব্যাপারে বড় কোনো বাধা আপাতত দেখা যাচ্ছে না।

তবে বিকেলের দিকে পরিস্থিতি বদলাতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৩ শতাংশে পৌঁছাতে পারে এবং সন্ধ্যা ৬টার দিকে তা ৫১ শতাংশে দাঁড়াতে পারে। যদিও রাতের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচ শেষ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান আগে ব্যাট করে ২৭৪ রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলাদেশ মাত্র ৬ দশমিক ৩ ওভার ব্যাট করার পর বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়।

তাই আজকের ম্যাচে দুই দলই আবহাওয়ার অনিশ্চয়তা কাটিয়ে মাঠের পারফরম্যান্সে জয়ের লক্ষ্যেই নামবে। সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

  • বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা
  • মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই