মুরাদনগরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল: মূল আসামি পলাতক

লেখক:
প্রকাশ: ৭ মাস আগে
মুরাদনগরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল: মূল আসামি পলাতক

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, ১০-১২ জন যুবক এক নারীকে বিবস্ত্র অবস্থায় মারধর করছে এবং তিনি বারবার সাহায্যের জন্য চিৎকার করছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের এক বাড়িতে। নির্যাতনের শিকার ওই নারী শুক্রবার মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে তার বাবা-মা বাড়িতে ছিলেন না। ওই সুযোগে অভিযুক্ত ফজর আলী তাকে ঘরের দরজা খুলতে বলেন। দরজা না খোলার পর কৌশলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ফজর আলীকে আটক করে মারধর করেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে ওই নারীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কেউ এই নির্যাতনের বিষয়ে থানায় অবহিত করেনি। তবে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াটা একটি দণ্ডনীয় অপরাধ। ভিডিওটির উৎস শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি, যেসব ব্যক্তি ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনে অংশ নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী নারীর স্বামী গত পাঁচ বছর ধরে প্রবাসে আছেন এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। এই নির্মম ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।