রাজধানীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ মাস আগে
রাজধানীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীতে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। পরে তারা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতোই ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদেরও সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধার আওতায় আনতে হবে।