সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০, আটক ১৫

লেখক:
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নে পুকুরে গোসলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের যুবক তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তাদের মারধর করা হলে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে এ ঘটনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ, যাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষের সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দাঙ্গা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় জড়ানো সমাজের জন্য অশনিসংকেত। তারা দ্রুত সামাজিক সংলাপ ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এ ধরনের সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন।