
হুমকি ও ধমকির অভিযোগে দায়ের করা মামলা থেকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলাটির শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখান। এ প্রস্তাবের ভিত্তিতে বাদীর কাছ থেকে বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করা হয় বলে অভিযোগ করা হয়।
বাদীর অভিযোগ অনুযায়ী, অর্থ নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেহজাবীন ও তার ভাই আলিশান কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। টাকা ফেরত চাইলে ‘আজ দেব, কাল দেব’ বলে বারবার সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইলে ১৬ মার্চ হাতিরঝিল রোডসংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।
বাদীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন চৌধুরী, তার ভাই আলিশান চৌধুরী এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয় মামলায়।
তবে শুনানি শেষে আদালত মামলার অভিযোগ আমলে না নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেন।
আদালতের এই আদেশের মাধ্যমে আলোচিত মামলাটির আপাতত আইনি নিষ্পত্তি হলো। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
