৬২ বছর বয়সে আইভিএফে গর্ভধারণ, চীনে বিতর্ক ও আলোচনার ঝড়
চীনের জিলিন প্রদেশে ৬২ বছর বয়সী এক নারী ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে গর্ভধারণ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী তার অনাগত সন্তানকে গত বছর হারানো একমাত্র ছেলের ‘পুনর্জন্ম’ হিসেবে দেখছেন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে একমাত্র সন্তানকে হারানোর পর গভীর শোক থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। তার ছোট বোন ‘শাও ওয়েই’ ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গর্ভাবস্থার আপডেট শেয়ার করছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত কারণে গর্ভধারণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সিজারিয়ান অপারেশন ছাড়া নিরাপদ বিকল্প নেই। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত বিভক্ত—একদল ঝুঁকি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা বলছেন, অন্যদিকে অনেকে শোকাহত মায়ের আবেগকে সম্মান জানিয়ে তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন।
