রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
রাশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যা গত কয়েক দশকের মধ্যে অঞ্চলটির সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) প্রথমে কম্পনের মাত্রা ৮.৭ রেকর্ড করলেও পরে তা সংশোধন করে ৮.৮ ঘোষণা করে।
USGS জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল (১২৬ কিলোমিটার) দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এটি পুরো কামচাটকা উপদ্বীপসহ আশপাশের অঞ্চলগুলোকে কাঁপিয়ে তোলে এবং তাৎক্ষণিকভাবে সুনামির আশঙ্কা দেখা দেয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি বিবেচনায়, রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চল, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি অত্যন্ত গুরুতর ছিল এবং এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে আমরা দেখেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ভূমিকম্পের পর বিভিন্ন এলাকা থেকে ভবন কাঁপা, লোকজনের আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উপকূলীয় জনগণকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশ্বজুড়ে সুনামি সতর্কতামূলক সংস্থাগুলোও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়িয়েছে।
