খেলাধুলা ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
কৃমি নিয়ন্ত্রণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সেই অর্জন ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। রাজশাহীর পুঠিয়া উপজেলায় আয়োজিত কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) গত ১৫ ও ১৬ নভেম্বর দেশজুড়ে দুই দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে।
রোববার পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি ক্লাবের পাশে রাজেদুল ইসলামের বাড়ির উঠানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক অর্থসচিব এবং এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে পরিচালিত এই কার্যক্রমে এসএমসির স্টার নেটওয়ার্কের প্রায় ২২ হাজার সেবাদাতা যুক্ত ছিলেন। এর মধ্যে ব্লু-স্টার, গ্রিন স্টার ও গোল্ড স্টার সেবাদাতাসহ মাঠকর্মীরা কৃমি সংক্রমণের মাধ্যম এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। এছাড়া উপস্থিত পরিবারের সদস্যদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয় এবং প্রতি ছয় মাস পর পর নিয়ম মেনে কৃমিনাশক সেবনের পরমর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি তথ্যের বরাত দিয়ে জানানো হয়, ২০০৫ সালে দেশের মাত্র তিনটি জেলায় প্রথম কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয় এবং ২০০৮ সালের নভেম্বরে তা ৬৪টি জেলায় সম্প্রসারিত করা হয়। ২০০৫ সালে স্কুলগামী শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার ছিল ৭৯ দশমিক ৮ শতাংশ। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১০টি জেলায় সংক্রমণ ১৪ শতাংশে নেমে এসেছে। তবে প্রাপ্তবয়স্ক ও প্রাক-বিদ্যালয় শিশুদের মাঝে সঠিক তথ্য পৌঁছানো এবং কৃমিনাশক সরবরাহের প্রয়োজনীয়তা এখনো রয়ে গেছে।
উদ্বোধনী বক্তব্যে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে এবং জাতীয় অগ্রগতির ধারা বজায় রাখতে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এসএমসি তাদের বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে।
এসএমসির ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান উল্লেখ করেন, কৃমি শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, পুষ্টি ও মানসিক বিকাশ ব্যাহত করে। দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে অপুষ্টি ও রক্তস্বল্পতা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধির সঠিক চর্চা নিশ্চিত করতে এসএমসি দেশজুড়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।