শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা, ‘হেলপার’ দিয়ে খাতা দেখায় কড়াকড়ি: শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা

লেখক: Sanjida
প্রকাশ: ১ মাস আগে
শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা, ‘হেলপার’ দিয়ে খাতা দেখায় কড়াকড়ি: শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা

শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি এখন থেকে শ্রেণিকক্ষেও সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে ‘হেলপার’ দিয়ে খাতা মূল্যায়নের অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে ‘হেলপার’ দিয়ে তা করিয়ে থাকেন, যা সম্পূর্ণ অনিয়ম। এই প্রবণতা বন্ধে এখন থেকে খাতার নমুনা সংগ্রহ করে তা যাচাই করা হবে, যাতে মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।

নকলের ধরন এখন ডিজিটাল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্রের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ড. মিলন আরও বলেন, দেশের জনসংখ্যাকে বোঝা হিসেবে দেখা উচিত নয়। বরং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

তিনি জানান, যারা পড়াশোনায় আগ্রহী, সরকার তাদের সর্বোচ্চ গুরুত্ব দেবে। তবে যারা পড়ালেখা বাদ দিয়ে শুধুমাত্র সামাজিক মাধ্যমে সময় ব্যয় করে, তাদের বিষয়ে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা নেই।

জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকদের সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করে। কিন্তু স্থানীয় শিক্ষার মান উন্নত করতে হলে জেলা কর্মকর্তাদের সন্তানদের নিজ জেলার স্কুলে পড়ার বিষয়ে উৎসাহিত—এমনকি বাধ্যবাধকতা থাকা উচিত।

রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  • ‘হেলপার’ দিয়ে খাতা দেখায় কড়াকড়ি: শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা
  • শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা