অন্ধকারকে জয় করে এসএসসি পরীক্ষায় শরীফ আলী

অন্ধকারকে জয় করে এসএসসি পরীক্ষায় শরীফ আলী
অন্ধকারকে জয় করে এসএসসি পরীক্ষায় শরীফ আলী
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জন্ম থেকেই দৃষ্টিহীনতা সঙ্গী হলেও জীবনের পথ থামিয়ে দেয়নি শরীফ আলী (১৯)। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর স্বপ্নকে শক্তি করে তিনি অংশ নিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাকে জয় করে তিনি প্রমাণ করেছেন—ইচ্ছা থাকলে কোনো বাধাই বড় নয়।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট মহল্লার বাসিন্দা শরীফ আলী পড়াশোনা করছেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এ। তার বাবা রমজান আলী একজন ইজিবাইকচালক। সীমিত আয়ের পরিবার হলেও ছেলেকে শিক্ষিত করার স্বপ্ন ছিল পরিবারের সবার। ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের মুখে মুখে শোনা পড়া আত্মস্থ করেই তার শিক্ষাজীবনের শুরু।

পরবর্তীতে স্থানীয় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০২১ সালে ভর্তি হন ওই বিদ্যালয়ে। ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে তিনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র-এ বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন। লিখতে না পারায় তিনি সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রুতলেখক (রাইটার) এর সহায়তায় পরীক্ষা দিচ্ছেন।

তার শ্রুতলেখক হিসেবে দায়িত্ব পালন করছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী শায়লা আক্তার (১৫)। সরকারি নীতিমালা অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক সুবিধা প্রদান করা হয়। শুরুতে শ্রুতলেখক না পাওয়ায় শরীফ অনিশ্চয়তায় পড়লেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শায়লা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং পরে শিক্ষা বোর্ডের অনুমোদনে দায়িত্ব নেন।

পরীক্ষার আগে শায়লা বলেন, তার হাতের লেখায় যদি শরীফ ভাই ভালো ফল করতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।

অন্যদিকে শরীফ বলেন, আমি লেখাপড়া করে চাকরি করতে চাই, যাতে পরিবারকে ভালোভাবে রাখতে পারি। মা-বাবার স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়সহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় ৩৯টি কেন্দ্রে মোট ২৩ হাজার ২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

শরীফ আলীর এই সংগ্রাম শুধু একটি পরীক্ষার গল্প নয়—এটি ইচ্ছাশক্তি, সাহস আর স্বপ্ন জয়ের এক অনন্য দৃষ্টান্ত।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ