আঞ্চলিক উত্তেজনায় কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে

লেখক: মোঃশরিফ মিয়া
প্রকাশ: ৮ মাস আগে

স্টাফ রিপোর্টার, পথিক টিভি,আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সোমবার (২৩ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আলজাজিরা।

বিবৃতিতে জানানো হয়, নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে আকাশসীমা কখন পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পর, ইরান পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের ঘরে অবস্থান করার এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ কাতারের কূটনৈতিক সতর্কতা ও জনগণের নিরাপত্তার প্রতি দায়িত্বশীল মনোভাবের বহিঃপ্রকাশ।