প্রযুক্তি ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে স্মার্ট ডিভাইসের ধরন ও কার্যকারিতায় বড় পরিবর্তন এসেছে। বর্তমানে সাধারণ চশমার ফ্রেমেই ক্যামেরা, মাইক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি একসঙ্গে যুক্ত করা হচ্ছে, যা এআই স্মার্ট গ্লাস বা এআই-চালিত ক্যামেরা-চশমা নামে পরিচিত। তবে এই স্মার্ট চশমার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
পূর্বে কেউ ক্যামেরা হাতে নিয়ে ছবি বা ভিডিও তুললে আশপাশের মানুষ সহজেই তা বুঝতে পারতেন এবং সতর্ক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে ফ্রেমে লুকানো ক্যামেরা এবং অত্যন্ত ছোট সংকেত-বাতির কারণে আশপাশের মানুষ প্রায়ই টের পান না যে তাদের অগোচরে দৃশ্য বা শব্দ রেকর্ড করা হচ্ছে। কোনো রেস্তোরাঁ বা জনবহুল স্থানে চশমার কোণে সূক্ষ্ম আলো জ্বলে উঠলেও সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে রেকর্ডিং চলছে কি না।
চলতি বছরের সিএইচআই (CHI) সম্মেলনের এক গবেষণায় দেখা গেছে, এ ধরনের চশমায় ব্যবহৃত সংকেত-বাতি এতই ছোট যে আশপাশের মানুষ তা খেয়াল করতে পারেন না। এ প্রযুক্তির ফলে ব্যক্তিস্বার্থ ও গোপনীয়তা লঙ্ঘনের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর রন ওয়াইডেন এবং এডওয়ার্ড মার্কি মেটার এআই চশমার গুরুতর গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেছেন।
২০২৬ সালের সেপ্টেম্বরে মেটা একটি ক্যামেরাহীন চশমা বাজারে আনলেও সেটি শব্দ বা অডিও রেকর্ড করতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই শব্দ রেকর্ডিংয়ের জন্য চশমাটিতে কোনো স্পষ্ট দৃশ্যমান সংকেত বা আলো নেই। ফলে অডিও ধারণ করার সময়ও মানুষ তা টের পান না।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট চশমার মাধ্যমে ধারণ করা ছবি, ভয়েস রেকর্ড এবং চেহারা সম্পর্কিত তথ্য ক্লাউড-সার্ভারে জমা হতে পারে, যা প্রযুক্তিগত সুরক্ষাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। বিভিন্ন দেশের বিদ্যমান আইন এখনও এ ধরনের অদৃশ্য বা গোপন রেকর্ডিং ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। ফলে আইনি সুরক্ষার অভাবে আপাতত ব্যক্তিগত সচেতনতাই সুরক্ষার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
এআই চশমা ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা কিছু সাধারণ ভদ্রতা ও নীতি অনুসরণের তাগিদ দিয়েছেন। প্রথমত, কারো ছবি বা অডিও রেকর্ড করার আগে অবশ্যই তার অনুমতি নেওয়া উচিত। দ্বিতীয়ত, হাসপাতাল, প্রার্থনার স্থান বা বিদ্যালয়ের মতো সংবেদনশীল এলাকাগুলোতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন।
প্রযুক্তির এই আধুনিক যুগে ভবিষ্যতে প্রশ্নটি শুধু গোপনীয়তা রক্ষায় সীমাবদ্ধ থাকবে না; বরং সামাজিক যোগাযোগ ও ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে অনুমতি চাওয়ার সংস্কৃতি ও সাধারণ ভব্যতা কতটুকু টিকে থাকবে, সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।