আন্তর্জাতিক ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
পাকিস্তানের করাচির জোহার মোড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া বৃদ্ধ শাহীন বেগ দীর্ঘ ২০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। ২৭ অক্টোবর এক নারীর বেপরোয়া গতিতে চালানো গাড়ির ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাহীন বেগকে প্রথমে জিন্নাহ হাসপাতালে এবং পরবর্তীতে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ করাচির গুলস্তান-ই-জোহার সানি প্রাইড এলাকায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর জোহার মোড়ে ডক্টর আয়েশা শহীদ নামের এক নারীর দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি প্রথমে বৃদ্ধ শাহীন বেগকে সজোড়ে ধাক্কা দেয় এবং পরে একটি রিকশার সাথে সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় শাহীন বেগের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাড়ির চালক নারী ও উপস্থিত লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেসময় ক্ষুব্ধ এক রিকশাচালক ওই নারীকে ঘুষি মারছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছিল।
দুর্ঘটনার পর নিহতের পরিবার চালকের পরিচয় নিশ্চিত হতে নিজেরা চেষ্টা চালান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর গাড়িচালক নারীর আসল পরিচয় সামনে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের আবেদনের ভিত্তিতে গুলস্তান-ই-জোহার থানায় অভিযুক্ত গাড়িচালক ডক্টর আয়েশা শহীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, চরম অবহেলা ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বৃদ্ধ শাহীন মির্জাকে আঘাত করা হয়েছিল।
পুলিশ ঘটনার বিষয়ে মামলা নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুতে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।