ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei–এর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে Iraq সরকার। সরকারি বার্তা সংস্থা Iraqi News Agency–এ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র ইসলামী উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খামেনিকে আমরা আহলে বাইতের অগ্রগণ্যদের একজন হিসেবে বিবেচনা করি।
বিবৃতিতে আল-আওয়াদি হত্যাকাণ্ডটিকে “স্পষ্ট আগ্রাসন ও নিন্দনীয় কর্মকাণ্ড” হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ ঘটনা মানবিক ও নৈতিক সব মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট পরিপন্থী। ইরাক সরকার জানিয়েছে, শোকের এই সময়কালে দেশটির সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শোকানুষ্ঠান ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খামেনির মৃত্যু ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন ইরাকের এই রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের প্রতি বাগদাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এখন দৃষ্টি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে।

খামেনি হত্যাকাণ্ডে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা







