আন্তর্জাতিক ডেস্ক: ২১ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে নির্বাচন পার হওয়ার পর ইরানের ওপর পূর্ণমাত্রায় হামলা চালানো হতে পারে বলে সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই।
একটি আরব বার্তা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হওয়া কথিত আলোচনার বিষয়ে প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রশাসনের এই অবস্থানের কথা জানান।
অ্যানা কেলি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত নাজুক ও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালীতে ইরানের নৌ অবরোধ পূর্ণ শক্তিতে জারি থাকবে। তবে ইরানি বাধা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ রেকর্ড মাত্রায় অব্যাহত রয়েছে।
মার্কিন প্রশাসনের কৌশল স্পষ্ট করে অ্যানা কেলি নিশ্চিত করেন যে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালানোর ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, মিডটার্ম নির্বাচনের আগে তিনি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবেন না। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই দেশটির ওপর তীব্র ও পূর্ণাঙ্গ হামলা চালানো হবে বলে আভাস দেন তিনি।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।