আন্তর্জাতিক ডেস্ক: ২১ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার নাগরিকদের ব্যক্তিগত জীবন ও তথ্যের সুরক্ষার লক্ষ্যে গোপন ক্যামেরা যুক্ত চশমা, কলম এবং ঘড়িসহ বিভিন্ন ধরনের ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ দিনের জন্য গোপনে ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর রেকর্ড করতে সক্ষম বিভিন্ন ডিভাইসের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় গোপন ক্যামেরাযুক্ত স্মার্ট গ্লাস বা চশমা, পেন ক্যামেরা, কি-চেইন ক্যামেরাসহ এ ধরনের সব ডিভাইসের ব্যবহার পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে এসব পণ্য দোকানে বিক্রি এবং অনলাইনে কেনাবেচার ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন রেকর্ডার এসব ডিভাইসের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত জীবন, সংবেদনশীল তথ্য এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছিল।
বিশেষ করে নারী ও শিশুদের মর্যাদা এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাই এই নিষেধাজ্ঞার প্রধান মূল উদ্দেশ্য বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে প্রাত্যহিক জীবনের সাধারণ ব্যবহারের ডিভাইসগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) অনুমোদিত অন্যান্য টার্মিনাল ডিভাইসগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।