
প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে—সেই অঙ্গীকার নিয়েই এগোতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন-এ পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় শত শত পুলিশ সদস্য শহীদ হন। সেই আত্মত্যাগ শুধু স্মরণ নয়, দেশের স্বাধীনতা রক্ষার দায়ও আমাদের কাঁধে তুলে দিয়েছে।
তিনি বলেন, “চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের প্রতিরোধ স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল।”
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের মানুষ যেন পুলিশের কাছ থেকে মানবিক আচরণ পায়, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
পুলিশের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে।
