জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ক্ষোভ প্রকাশ

লেখক: লিটন হোসাইন জিহাদ
প্রকাশ: ৯ মাস আগে
জাতীয় পার্টি

গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান প্রচারণায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

তিনি বলেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে নির্বাচনে অংশ নেওয়াই যদি ‘অপরাধ’ হয়, তাহলে শুধু জাতীয় পার্টি নয়—বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির আ স ম রব, এমনকি ড. কামাল হোসেনের মতো নেতারাও ‘অপরাধী’ হিসেবে বিবেচিত হবেন, কারণ তারা সবাই ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বুধবার নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করাকে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দিয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে। আমরা এর সাথে একমত নই।”

তিনি আরও বলেন, “তিনটি নির্বাচনের মধ্যে বিভিন্ন দল অংশ নিয়েছে—বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, এমনকি ড. কামাল হোসেন, রব ভাই, মান্না ভাইরাও অংশ নিয়েছেন। তাহলে কি তারা সবাই অপরাধী?”

উল্লেখ্য, গত দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে। সেই ভূমিকা নিয়েই গণঅভ্যুত্থানের পক্ষের কিছু দল জাতীয় পার্টিকে সরকারপন্থী দল হিসেবে চিহ্নিত করে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে।

গত মঙ্গলবার গণঅধিকার পরিষদ একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে।

 

এ প্রসঙ্গে আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন,

“লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন করার কোনো যৌক্তিকতা নেই। আমরা এখনও সেটি দেখছি না। সরকার একটি পক্ষকে বেশি পৃষ্ঠপোষকতা করছে। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো, আমরা অংশ নেবো কি না।”

জাতীয় পার্টির পক্ষ থেকে এ ধরনের প্রতিক্রিয়া মূলধারার রাজনীতিতে দলটির অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।