আন্তর্জাতিক ডেস্ক: ৭ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
ইরানের ওপর চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল বাণিজ্য ও অস্ত্র পরিবহন রোধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য হলো তেহরানের আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামগ্রী সীমান্ত ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে স্থানান্তর প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের এই বাহিনীটি ফ্লোরিডায় মার্কিন সামরিক ঘাঁটিতে স্থাপন করা হবে। সেখানে অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সাথে সমন্বয় করে এটি কার্যক্রম পরিচালনা করবে। কেবল অস্ত্রের গতিবিধি নয়, অবৈধ উপায়ে আসা অর্থ এবং সাধারণ পণ্য চলাচলের দিকেও নজর রাখবে এই টাস্ক ফোর্স।
সেন্টকমের তথ্য মতে, নতুন গঠিত এই বাহিনীতে প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক কর্মী যুক্ত থাকবেন। তারা পুরো কার্যক্রম নজরদারি ও পরিচালনার কাজ সম্পন্ন করবেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মার্কিন সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার হলে তা ইরানের কথিত সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানাগুলো পুনরায় নির্মাণ এবং দেশটির সামরিক শক্তি নতুন করে গুছিয়ে নেওয়ার ক্ষমতাকে সংকুচিত করবে।
বিবৃতিতে সেন্টকম আরও দাবি করেছে যে, সাগরে পরিচালিত দীর্ঘদিনের নৌ-অবরোধের কারণে ইরান এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করা থেকে বঞ্চিত হয়েছে।
নতুন এই টাস্ক ফোর্স আঞ্চলিক নিরাপত্তা পর্যবেক্ষণ এবং তেহরানের স্থলভাগের যোগাযোগ পথগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।