
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, “দলীয় মনোনয়ন ও জনগণের ভোটে নির্বাচিত হলে পিছিয়ে পড়া এই অঞ্চলকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
শুক্রবার (১ আগস্ট) দুপুর ৩টায় সরাইল উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ মোহাম্মদ শামীম বলেন, “সরাইল-আশুগঞ্জ তুলনামূলকভাবে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের জনগণ নানা সুবিধা থেকে বঞ্চিত। আমি এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে চাই। উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং বিপথগামী তরুণ সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে আলোর পথে নেওয়ার লক্ষ্যেই আমার রাজনীতি।”
তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। এ পথ খুব সহজ নয়। এখন পর্যন্ত আমার নামে ৫০টির বেশি মামলা রয়েছে। এরশাদ সরকারের সময় থেকে শুরু করে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান আওয়ামী সরকারের আমলে আমি একাধিকবার কারাভোগ করেছি। রাজনীতিতে এসব মেনে নিয়েই পথ চলতে হয়।”
গণমাধ্যম নিয়ে মতামত জানিয়ে তিনি বলেন, “আমি নিজে গণমাধ্যম ব্যক্তিত্ব না হলেও সবসময় সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। যেখানেই যাই, প্রেসক্লাব খুঁজে নিই। কারণ, গণমাধ্যমই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সব চিত্র জনগণের সামনে তুলে ধরতে। আমি সব সময় সাংবাদিকদের সহযোগিতা চাই।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা এই অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
