
লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় তাকে “হত্যাকাণ্ডের মদদদাতা” হিসেবে চিহ্নিত করে এ দাবি জানানো হয়।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “আলেম–ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ২০২১ সালের হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই ঘটনায় ১৬টি নিরপরাধ প্রাণ ঝরে যায়।” বক্তারা বলেন, “ওলামাদের রক্তের হিসাব এড়ানো যাবে না, এই হত্যাকাণ্ডের দায়ে মোকতাদিরকে ফাঁসিতে ঝুলাতে হবে।”
বক্তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই নতুন সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর চালানো নিপীড়নের বিচার করতে হবে।
তারা আরও বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরী ও তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ–সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন এবং জেলা এনসিপির যুগ্ম–সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।
