ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব

লেখক: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি ও সমমনা দলগুলোর জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব-এর নাম প্রায় চূড়ান্ত হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আসনটি তাকে ছেড়ে দেয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।

 জানা যায়, জুনায়েদ আল হাবীব ইতোমধ্যে এ আসনে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে একই আসনে বিএনপি’র পক্ষ থেকে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্যে আছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় সদস্য শেখ মো. শামীম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএন তরুণ দে, আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন খান শিপন, ডা. নাজমুল হুদা বিপ্লব, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, এবং সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আসনটির সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাছাড়া বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে থাকায় অভ্যন্তরীণ জটিলতা ও সমন্বয়ের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রায় ৪ লাখ ১০ হাজার ভোটার রয়েছে। অতীতে এই আসনে বিএনপি একাধিকবার বিজয়ী হয়েছে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনীর পক্ষে আসনটি ছেড়ে দিয়েছিল, এবং তিনি তখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনটি আবারও ধর্মভিত্তিক ও জাতীয় রাজনীতির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।