ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া, ২ নভেম্বর ২০২৫: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড আজ সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এ প্যারেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সরা অংশগ্রহণ করেন।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক। তিনি সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে প্যারেডের সালাম গ্রহণ করেন এবং পরিদর্শন শেষে অংশগ্রহণকারীদের প্রশংসা করেন।

প্যারেডের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) জনাব মোঃ নাজমুস সাকিব। পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের শারীরিক সক্ষমতা ও টার্ন আউটের ভিত্তিতে ‘গুড সার্ভিস (জিএস)’ মার্ক প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার তার বক্তব্যে জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “একজন পুলিশ সদস্যের পরিপূর্ণ দক্ষতা শুধু দায়িত্ব পালনেই নয়, জনগণের আস্থা অর্জনেও প্রতিফলিত হয়।”

এরপর তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডি আই ও-১, ওসি (ডিবি) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত সদস্যরা তাদের দাবি-দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন, যা পুলিশ সুপার মনোযোগ সহকারে শুনে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সভা শেষে পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকল সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।