জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির উদ্যোগে র‍্যালি

লেখক: ইয়াছিন চৌধুরী
প্রকাশ: ৬ মাস আগে

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নাসিরনগর কলেজগেট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম. এ. হান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল উদ্দিন, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি প্রমুখ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সেনা ও জনতা একত্রিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলা সদরে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতা-কর্মী, যুবক, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো উপজেলা প্রাণবন্ত হয়ে ওঠে। র‌্যালিতে অংশ নেয় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।