অর্থনীতি ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
মধুমতি ব্যাংক পিএলসি এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে গুলশানস্থ প্রধান কার্যালয়ে এই চুক্তির আয়োজন করা হয়।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুনোদয় ঘোষ অংশু।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. নূর ই আলম এবং ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) এস. এম. আশিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির এয়ার টিকেট এক্সিকিউটিভ কারিশমা রহমান কলি এবং ব্র্যান্ড ও মার্কেটিং এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতা চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের কর্মকর্তা এবং ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের মাধ্যমে একাধিক ভ্রমণ ও ভিসা প্রক্রিয়াকরণ সেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, ব্যাংকের প্রতিনিধি ও গ্রাহকরা সকল অভ্যন্তরীণ বিমান টিকিটে ৭ শতাংশ এবং সকল আন্তর্জাতিক বিমান টিকিটে ৭.৫০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া আন্তর্জাতিক হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ৬ শতাংশ ছাড় নির্ধারিত হয়েছে।
ভ্রমণপিপাসুদের জন্য যেকোনো দেশের প্যাকেজ ট্যুরে ৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভিসা প্রসেসিং সেবার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা প্রসেসিং ফি-তে ১২ শতাংশ এবং সাধারণ ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।