
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি ট্রাক ভর্তি রড চুরি করে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন। মঙ্গলবার ভোর আনুমানিক ০৪ টার দিকে রাজধানীর উত্তরা থানাধীন এক্সপ্রেসওয়ে গার্ড পোস্টে দায়িত্ব পালনকালে টহলরত আনসার সদস্যদের চোখে সন্দেহজনকভাবে একটি ট্রাক ধরা পড়ে।
তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে এর ভেতর থাকা বিপুল পরিমাণ রড চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আনসার সদস্যরা চালক মোঃ হাফিজুল হকসহ ট্রাকটিকে (ঢাকা মেট্রো ন- ২০৪১৪৩) জব্দ করেন। জব্দকৃত রডের বাজারমূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকা বলে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে।
পরবর্তীতে রড ভর্তি ট্রাকটি সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তায় সবসময় সতর্ক অবস্থানে থাকেন। তাদের তৎপরতার কারণেই মূল্যবান নির্মাণসামগ্রী চুরি থেকে রক্ষা পেয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটিকে আনসার সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
