নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের চেয়ারম্যানসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নেতা ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে রোববার (৪ জানুয়ারি) রাতে তারা জাতীয়তাবাদী দলে যোগদান করেন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা।
আনোয়ার হোসেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী। স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীই বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, দলীয় বিভেদ এবং দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ক্রিয়তায় হতাশ হয়েই এই দলবদল ঘটেছে।
এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া আলতাফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, প্রায় ৭০ জন নেতা-কর্মীর যোগদানে তৃণমূল পর্যায়ে বিএনপি আরও শক্তিশালী হবে।
