কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম জব্দ
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি হওয়া কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে সেখানে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, পুলিশের অভিযানে ৩-৪ জন সন্দেহভাজন পালিয়ে যেতে সক্ষম হলেও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: ২টি রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ২টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটালি, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, করাত, হাতুড়ি, প্লাস, ছোট-বড় ৭টি রেত, শান দেওয়ার মেশিন ও বানান নালিসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
পুলিশ জানায়, গোপন সূত্রে জানা যায়, একটি দল স্থানীয় পাহাড়ে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্র তৈরি করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সমন্বয়ে অভিযান চালানো হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
