
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরীর বাড়ি থেকে একটি এয়ারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই আলাল উদ্দিন চৌধুরী পালিয়ে যান বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ মে একই গ্রামের ইমান উদ্দিন চৌধুরীর বসতঘরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মিনহাজুর রহমান সাজিদের নেতৃত্বে সর্বশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
