মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় অসুস্থ হয়ে জামায়াত নেতা অধ্যাপক আবুল হাশেমের মৃত্যু

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় অসুস্থ হয়ে জামায়াত নেতা অধ্যাপক আবুল হাশেমের মৃত্যু

মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ জানাতে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

আজ সোমবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ার একটি নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ অনুভব করেন এবং মঞ্চেই লুটিয়ে পড়েন। এ সময় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং এর প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়। একই সঙ্গে মুফতি আমির হামজার বিরুদ্ধে একাধিক মানহানির মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।

অধ্যাপক আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।