এপস্টেইন নথিতে মোদির নাম: ট্রাম্পকে খুশি করতে ইসরাইল সফরের দাবিতে তোলপাড়, অস্বীকার ভারতের

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
এপস্টেইন নথিতে মোদির নাম: ট্রাম্পকে খুশি করতে ইসরাইল সফরের দাবিতে তোলপাড়, অস্বীকার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এটিই এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিবিসির খবরে বলা হয়, প্রকাশিত নথির তালিকায় রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও। এসব নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত ই-মেইলগুলোতে ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে এপস্টেইনের পক্ষ থেকে দাবি করা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদিকে ইসরাইল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের ওই ই-মেইলে আরও দাবি করা হয়, তার পরামর্শ অনুসারেই মোদি সেই সময় ইসরাইল সফরে যান এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নাচ-গান করেন—এমন মন্তব্যও নথিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এপস্টেইনের ই-মেইলে মোদিকে নিয়ে এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশটির বিরোধী দলগুলোও প্রশ্ন তুলতে শুরু করেছে।

তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এসব তথ্যকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

এদিকে বিশাল এই নথি প্রকাশের পর এপস্টেইন-কাণ্ড ঘিরে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও তদন্তের দাবি জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট।