নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা ঠিক হবে না — নজরুল ইসলাম খান

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
“নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা ঠিক হবে না” — নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মতো একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করলে তারা ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনে যাদের দায়িত্ব নির্ধারিত আছে, তাদের দিয়েই নির্বাচন পরিচালনা করা উচিত। শিক্ষার্থীদের পর স্কাউটদের যুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের গুঞ্জন উদ্বেগজনক। যদিও নির্বাচন কমিশন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে। পাশাপাশি ভোটের দুই দিন আগে বহিরাগত রাজনৈতিক কর্মীদের এলাকা ত্যাগের আহ্বান জানান তিনি, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়।

ভোটার তালিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আসনভিত্তিক সঠিক তথ্য চাওয়া হয়েছে এবং কমিশন তদন্তের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবিধানিক ভূমিকা পালন করতে হবে।

  • “নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা ঠিক হবে না” — নজরুল ইসলাম খান