বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার গ্রেফতার, সুনামগঞ্জ থেকে উদ্ধার লুণ্ঠিত অ্যাপাচি মোটর সাইকেল

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার গ্রেফতার, সুনামগঞ্জ থেকে উদ্ধার লুণ্ঠিত অ্যাপাচি মোটরসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন প্রকাশ রিপন (৩৮) গ্রেফতার হয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে ডাকাতিতে লুণ্ঠিত একটি Apache RTR 160 CC মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিজয়নগর থানার একটি টিম ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জ থেকে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় কামারবাড়ি সংলগ্ন ফুলতলী-হাজীপুরগামী পাকা সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের মধ্যে একটি গান করার বাঁশির ব্যাগ (যাতে সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশিসহ অন্যান্য সামগ্রী ছিল, আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং একটি Moto G31 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির সঙ্গে জড়িত সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মো. হানিফ প্রকাশ রুবেল (৩৯) ও মো. জয়নাল (৪০)-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত সর্দার এমদাদুল হক মিলন প্রকাশ রিপনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অন্তত ১২টি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ বলছে, চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি এমদাদুল হক মিলন প্রকাশ রিপনের বাড়ি বিজয়নগর থানার চানপুর এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, এ গ্রেফতারের মাধ্যমে এলাকায় সক্রিয় ডাকাত চক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে।